Tuesday, 26 May 2015

ব্যর্থ সুধা

অমলরা পায় রাজার চিঠি

সুধা কখনোই নয়,

আশৈশব প্রতীক্ষা তার

ব্যর্থ জীবনময়


এমন নয় ফেলনা কিছু

সময় আছে তার

শ্রান্ত তার দেহখানি

পায়ে কাঁটাতার


রাজার দেশে যাবার তরে

অসীম শক্তি ধরে

ক্লান্তিটাকে শাসন করে

নামে পথের পরে


রাজবাড়ীটা আলোস্নাত

রঙীন ঝলমল

হাসি-আলোয়ান জড়িয়ে সুধা

লুকায় চোখের জল


রাজা বড় সুখবিলাসী

বোঝেন খুশীর সুখ

অগোচরে থাকে চেয়ে

বৃষ্টিভেজা মুখ


জোর করে হাসে সুধা

রাজা খুশীর সওদাগর

ক্ষুদ্র বলে দৃষ্টি তাঁর

পড়েনা তার উপর


সবার তরে দানবীর

সুধার তরে নয়

তার দাবী যে ভীষণ দামী

একমুঠো সময়


রাজামশাই ব্যাস্ত সদাই

অমলদের ভীড়ে

প্রতীক্ষাটা আনকোরা

খালিহাতে ফিরে


Tuesday, 19 May 2015

অ আ ক খ

শহীদ তোমার বুকের রক্তে
কৃষ্ণচূড়া লাল

মুখের বুলি মায়ের ভাষা
বাঁচিয়ে রাখার চরম আশা

জীবন পণ করে তুমি
বাঁচিয়েছিলে কাল

বাংলা আমার তোমার সবার
যখন থেকে গর্ভে

মাতৃভাষা চিনেছি মোরা
স্বীকার করেছি গর্বে

যারা চাইল কেড়ে নিতে
মায়ের মুখের বুলি

বুকের রক্ত বিনিময়ে
নিলে তাদের খুলি

বিপদ আজও কাটেনিকো
বন্দি আজও ভাষা

বিজাতীয় ভেজাল গুলো
করছে যাওয়া আসা

রূধির দিলে কিসের তরে
খেয়াল রাখে কে

ভ্রান্তিবিলাসে বাংলা ভাসে
আজ ....... উনিশে মে॥

Tuesday, 30 December 2014

তোমার নাম জীবন

আমি তোমাকে ভালবাসি
জানি পাবার কথা নয়
মানতেই হয় মেনেও নিয়েছি
ভেবোনা ভাবতে কষ্ট হয়

শরীরী প্রেম নয় এ তো
তুমি নও হাতের রেখায়
নয় কিছুই উথালপাথাল
প্রথম চোখের দেখায

চিরদিনের রইবে কিনা
লুকোচুরি ফিরায়
নিখুঁতভাবে রাখার আশ
মনের শিরায় শিরায়

অনেক দূরের অচিন পথে
অচেনা অবচেতন
মিলিয়ে দেয় প্রাণগুলোকে
নিয়তি ইচ্ছেমতন

মায়া মায়া ছলাকলা
সবই মায়ার ছল
সকাল রোদ মাখায় হাসি
কখনও চোখের জল

কিসের তরে দেখা কথা
পুরনো সংস্কার
কোন সূত্রে মিলছে মানুষ
দেখা হয় বারবার

এমন কেন হয় বলত
কিসের টানে ফেরা
হারিয়েই যাব যদি
মিলছি কেন মোরা

একটাই রূপ কি শুধু
হয় তবে ভালবাসার
কিছুই কেন রয় না ভবে
স্রোত যাওয়া আসার

ক্লান্ত আমি নিয়ে তোমাদের
নিষ্ঠুরতা অধিক
স্বার্থহীন মনটা আমার
ভালবাসার পথিক

ধরে রাখা নয় কাজটা আমার
সব সময়ের খেলা
এক নিমেষে মাথার মণি
উপড়ে পায়ে ফেলা

অকারণে অনাশ্লেষে
দেখো ভালবেসে
আছি আমি থাকব আমি
রাখলে দিনের শেষে

আকর্ষণ বিকর্ষণ
সবই দেখার ভুল
ঝরে পড়ার নিয়তি তবু
বৃন্ত ফোটায় ফুল

চাইনা আমার গন্ধ রূপ
পাগল সুবাস তার
কুড়িয়ে নেব বইয়ের ভাঁজে
পাপড়ি শুষ্কতার

সূর্য্যাস্তে সঙ্গী রব
আমি তার পাশে
তারা কোথাও রইবেনা
যারা আজকে ভালবাসে

অভিশাপ নয় কালের নীতি
ভাঙাগড়ার খেলা
কাল দেখায় শূন্য মাঠ
আজকে রথের মেলা

বলছি যদি একটু শোন
দেখা হবে বছর বারমাসে
অকারণ কারণেই
থেকো, রেখো নিজের পাশে

স্বার্থহীন কায়াহীন
অকপট মনমায়ায়
পাবে তুমি ঠিক আমাকে
শীতল মাসের ছায়ায়..........

Saturday, 29 November 2014

তোর দেশে

আমি আবার তোর শহরে গেছি
জানিস ?
তুই জানিস না।

কোথাও কি মিল আছে
আগের বারের মত?
সেটা আমিও জানিনা।

কখনও ভাবি, বুঝলি?
জীবন না বড্ড এলোমেলো---
কখনও ভারী কখনও জলো।

মন মানে ধূলো একমুঠো
জোয়ারে ভেসে জড়ো
কড়ি খরকুটো

ভাবা ফাঁকি কোনটা কি
মন শুধু জানে
অগোছালো অবাধ্য জীবনের মানে।

এত এত দিয়ে যায়
ফুরোয় না তবু
শূন্য তার কোষাগার
ভাবে না কভু

কতকিছু ঘটে গেলো
তোর আগে পরে
সবই মনে পড়ে আর সবই মনে ধরে

মাথা বলে মনটারে
চল এবার ঘুমাই
পারছি না মন বলে
কাজ আছে তাই

তুই তো জানিস
আমি নিতে পারি কত
তোর দেওয়া আঁচড়ই ত
কত শত শত

বেয়াড়া এ মনটা
খালি হতে হতে
ভরে কেন ওঠে জানিস?
আরো খালি হতে।

আমি বলি মন শোন
আমি খালি হাত
খেয়ালী সে ভেবে বসে
খালি পাঁচসাত

কোথাও আছে বুঝি
আজও দেওয়া বাকী
সব যদি দিয়ে দেই
সে যে পাবে ফাঁকি

জানিনা সত্যিই
কোথায় তার বাস
এমনও নয় যে
তাকে খোঁজার বড় আঁশ

তবু যদি এসে পড়ে
দিতে হবে সাড়া
কাজটি হবে খাঁটি
নয় দায়সারা

সব জানে সব বোঝে
তবু হচ্ছে খরচ
মনটার মোর প্রতি
নেই কো গরজ

জোর করে বেঁধে যদি
খাঁচা দেই তারে
ঝাপটায় ডানাদুটো
পড়ে থাকে মরে

বাঁচামরা দুই ই চাই
অসাধ্য সাধন
দমবন্ধ করে রাখে
জীবন বাঁধন

আর কত দেব বল
তোকে দিয়ে ফাঁকা
মরা শাখে লেগে থাকে
শালিকের পাখা

এই যদি হয় আজ
জীবনের দাবী
কি হবে মনটার একথাই ভাবি

কত আর দেব বল
আর কত বারে
সবই যে থাকে মনে সবই মনে ধরে!